...|...|...

আইন ও আদালত

ফের দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:১৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:১৫
Shares
ফের দুই দিনের রিমান্ডে সাঈদ খোকন

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

রবিবার (২৯ নভেম্বর) দুই দফায় মোট ১২ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সাথে তার জামিন আবেদনও নাকচ করে দেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আদালতের নির্দেশে ডিবি কার্যালয়ে সাঈদ খোকনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করা হয়। এজাহারভুক্ত পলাতক আসামিদের অধিকাংশকে চেনেন বলে জানালেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য এড়িয়ে গেছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৈষম্যবিরোধী আন্দোলন দমনে তিনি অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও আবেদনে অভিযোগ করা হয়। তদন্তের স্বার্থে এবং তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানান তদন্ত কর্মকর্তা।

শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে, সাঈদ খোকনের আইনজীবীরা রিমান্ড বাতিলের পাশাপাশি তার জামিন চান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, গত ১৭ নভেম্বর এ মামলায় সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

সাত দিনের রিমান্ড শেষে গত ২৪ নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। সেদিন তদন্ত কর্মকর্তা আরও সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে রবিবার তাকে আবার আদালতে হাজির করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় কিশোর আবদুল মোতালিব। এ ঘটনায় ওই বছরের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। এজাহারে সাঈদ খোকনকে ২৯ নম্বর আসামি করা হয়েছে।